ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজালকে প্রত্যাহার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরে তাকে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক আদেশে ঝিনাইদহের এসপি কে প্রত্যাহার করা হয়।

‎আদেশে বলা হয়, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। তবে আদেশে তাকে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।

‎এর আগে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঝিনাইদহের এসপি হিসেবে যোগ দেন মো. মাহফুজ আফজাল। এসপি মাহফুজ আফজালের দায়িত্বকালে জেলায় দুটি রাজনৈতিক হত্যাকাণ্ড, সামাজিক বিরোধে সংঘর্ষ, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়া সবশেষ বৃহস্পতিবার ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনাও ঘটে।

এর আগে ফেনী, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার এসপি হিসেবে দায়িত্ব পাওয়া তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তর। তারা হলেন- ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম।