সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার একটি দেশ নাইজারে সাহারা মরুভূমির একটি প্রত্যন্ত অঞ্চলে যাত্রীবাহী ট্রাক বিকল হয়ে যাওয়া পর তীব্র তাপদাহ ও পানি সংকটে অন্তত ৪৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলা হয়, নিহতরা সবাই নাইজেরীয় মুসলিম ছিলেন এবং মালি থেকে একটি ধর্মীয় উৎসব শেষে ফিরছিলেন। তবে যাত্রাপথে নাইজার ও আলজেরিয়ার মধ্যে একটি প্রধান সীমান্ত পারাপার কেন্দ্র আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে পড়ে।

আগাদেজের গভর্নরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গাড়ি বিকল হয়ে যাওয়ার পর চালক ও যাত্রীরা বেশ কয়েকদিন ধরে ট্রাকটি মেরামত করার চেষ্টা করেন। মরুভূমির প্রচণ্ড তাপমাত্রা এবং কোনো সরবরাহ কেন্দ্র না থাকায় যাত্রীদের পানি দ্রুত ফুরিয়ে যায়, যা তাদের টিকে থাকা অত্যন্ত কঠিন করে তুলে। প্রতিকূল পরিবেশে শেষ পর্যন্ত পানিশূন্যতায় অন্তত ৪৯ জন মারা যান।’ 

বিবৃতিতে আরও বলা হয়েছে, মাত্র দুজন পুরুষ প্রাণে বাঁচতে পেরেছিলেন। তারা পায়ে হেঁটে ৫০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে পানির উৎসের সন্ধানে আসেন এবং তারপর কর্তৃপক্ষকে খবর দিতে আসামাকায় পৌঁছান। পরে একটি উদ্ধারকারী দল পরিত্যক্ত ট্রাকটির নিচে ও চারপাশে কয়েক ডজন মৃতদেহ খুঁজে পায় এবং নিহতদের গণকবরে দাফন করে।

এদিকে উদ্ধার অভিযান থেকে ফেরার পথে, নাইজেরীয় সৈন্যসহ উদ্ধারকারী দলটি আরও একটি বিকল লরির সন্ধান পায়, যেটিতে তিন দিন ধরে আটকে থাকা ৬০ জনেরও বেশি মানুষ ছিলেন। সৈন্যরা পানি তাদের সরবরাহ করে এবং গাড়িটি মেরামত করে দেয়, যার ফলে যাত্রীরা নিরাপদে তাদের যাত্রা পুনরায় শুরু করতে পারেন।

আগাদেজ গভর্নরের কার্যালয় এই মর্মান্তিক ঘটনাকে সাহারা মরুভূমির মধ্য দিয়ে ভ্রমণকারীদের সম্মুখীন হওয়া মারাত্মক ঝুঁকির অকাট্য প্রমাণ হিসেবে বর্ণনা করেছে। 

উল্লেখ্য, সাহারা মরুভূমিতে- বিশেষ করে নাইজার, আলজেরিয়া ও লিবিয়া সীমান্তে এমন মর্মান্তিক ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও অসংখ্যবার যান্ত্রিক ত্রুটি এবং মানব পাচারকারীদের নিষ্ঠুরতার কারণে শত শত মানুষ মরুভূমির তীব্র গরমে তৃষ্ণার্ত হয়ে মারা গেছেন। কারণ মরুভূমি পার হওয়ার জন্য ব্যবহৃত ট্রাক বা পিকআপ ভ্যানগুলো সাধারণত অনেক পুরনো এবং জরাজীর্ণ হয়। তার ওপর ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ও মালামাল বোঝাই করার কারণে বালুর মধ্যে এগুলো প্রায়ই বিকল বা নষ্ট হয়ে যায়।