গাজীপুরে শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

গাজীপুরে শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

বিশেষ প্রতিনিধি

গাজীপুরের ভাষা শহীদ বরকত স্টেডিয়ামে আগামী ১৮ জুন থেকে শুরু হচ্ছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’।

সোমবার (৮ জুন) বিকেলে ওই স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় টুর্নামেন্ট পরিচালনা কমিটি।

টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলগুলোর নিবন্ধন কার্যক্রম এবং আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা মো. হান্নান মিয়া হান্নু। তিনি বলেন, এই টুর্নামেন্ট আয়োজনের অন্যতম লক্ষ্য হলো যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করা এবং ক্রীড়াঙ্গনের বিকাশে কার্যকর ভূমিকা রাখা।

তিনি জানান, এই টুর্নামেন্টে ১৬টি ফুটবল দল অংশ নেওয়ার সুযোগ পাবে। দেশের যেকোনো জেলার দল অংশ নিতে পারবে। প্রতিটি দলে সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন। টুর্নামেন্ট পরিচালিত হবে নকআউট পদ্ধতিতে। প্রতিটি ম্যাচে স্থানীয় জেলার দলকে ২০ হাজার টাকা এবং জেলার বাইরের দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসচিব আব্দুর রউফ বাবুল, গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আ ক ম মোফাজ্জল হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, গাজীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ এবং মহানগর কৃষকদলের সভাপতি আতাউর রহমান।