গাজীপুর কণ্ঠ ডেস্ক
খুলনায় নগরে ফজরের নামাজের সময় এক মসজিদে গুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন; যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নগরের দৌলতপুরে পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- উত্তর কাশিপুর এলাকার প্রয়াত জব্বার শেখের ছেলে ও মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং একই এলাকার প্রয়াত আব্দুল খালেকের ছেলে আলম মণ্ডল (৫৫)।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক সংবাদ মাধ্যমকে জানান, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি লোকমানের মাথায় লাগে। এ সময় পাশে থাকা আলম মণ্ডলও গুলিবিদ্ধ হন; তার মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লেগেছে।
পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
আব্দুর রাজ্জাক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।”
খুলনা নগরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে বিশেষ যৌথ অভিযান চলছে পুলিশের। এর মধ্যে প্রকাশ্যে এসব ঘটনা নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুলনা নগরে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫ অগাস্ট গণ-অভ্যুত্থানের পর সংঘটিত ৩৪টি হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ।
পুলিশের গোয়েন্দা বিভাগ বলছে, খুলনায় অপরাধের বেশিরভাগ ঘটনায় ঘুরে ফিরে নয়টি সন্ত্রাসী গ্রুপের নাম এসেছে। এসব হত্যাকাণ্ডে আসামি গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে পুলিশের দেওয়া তথ্য পর্যালোচনায় দেখা যায়, অস্ত্র ও মাদক কারবারের নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, গোষ্ঠীগুলোর পারস্পরিক বিরোধ এবং রাজনৈতিক পক্ষগুলোর দ্বন্দ্বের জেরে খুনের ঘটনা ঘটছে।
সূত্র: বিডিনিউজ