গাজীপুর কণ্ঠ ডেস্ক
জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
রবিবার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটি গঠন করা হয়। বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম মণি কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। পরে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী কমিটি গঠনের এই প্রস্তাব অনুমোদিত হয়।
পদাধিকার বলে বর্তমান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান কমিটির সদস্য হিসেবে থাকবেন। এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন নোয়াখালী-১ আসনের এ এম মাহবুব উদ্দিন, পঞ্চগড়-১ আসনের মো. নওশাদ জমির, সংরক্ষিত মহিলা আসন-৮–এর শাকিলা ফারজানা, দিনাজপুর-১ আসনের মো. মনজুরুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের মো. হাসান রাজীব প্রধান, পাবনা-১ আসনের মো. নাজিবুর রহমান, রংপুর-৪ আসনের আক্তার হোসেন এবং নীলফামারী-২ আসনের আল ফারুক আব্দুল লতিফ।