গাজীপুর কণ্ঠ ডেস্ক
টঙ্গীতে পুলিশি অভিযানে দশ হাজার ইয়াবা বড়ি ও নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দিবাগত রাত এগারোটার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার বাবর গাজীর বাড়িতে এই অভিযান পরিচালনা করে টঙ্গী পশ্চিম থানার পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন নরসিংদী জেলার মাধবদী থানার চর দিঘলদী গ্রামের আনোয়ার হোসেন (৩৬) এবং একই জেলার রায়পুরা থানার শাওন (২৬)।

তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে, দশ হাজার ইয়াবা বড়ি, নগদ আটান্ন লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, ওই বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা বেচাকেনার তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই মাদক কারবার পরিচালনার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হবে।