গাজীপুর কণ্ঠ ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সম্ভাব্য অস্থিরতা মোকাবেলায় ছয়টি জেলা ও মহানগরে সেনাবাহিনী মোতায়েনের পদক্ষেপ নিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি পালন করছে। এর মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, এতে দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে।
চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমাল সুরক্ষায় প্রয়োজনীয়সংখ্যক সেনাসদস্য মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।
২২ থেকে ৩০ জুন পর্যন্ত ৯ দিন ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দিনটিকে সামনে রেখে দলটি মিছিল, শোডাউনসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে পারে, যা বর্তমান পরিস্থিতিতে বেআইনি বলে বিবেচিত।
উল্লেখ্য, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে।