ফাঁসিতে ঝুলিয়ে সেই চান্দু’র মৃত্যুদণ্ড কার্যকর
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জের জোড়া খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেই চান মিয়া ওরফে চান্দুর (৫৫) ফাঁসি কার্যকর করা হয়েছে।
বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এ রায় কার্যকর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান।
চান মিয়া ওরফে চান্দু মাদারীপুরের শিবচর থানার ৮নং চর এলাকার মৃত অকিল শিকদারের ছেলে। ওই সময় চান্দু কেরানীগঞ্জ থানার রহমতপুর এলাকায় বসবাস করতেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান, চান মিয়া কেরানীগঞ্জে আমির আব্দুল্লাহ হাসান ও সেন্টু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। মামলার সকল কার্যক্রম শেষ হওয়ায় বুধবার রাত ১০টা ০১ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে। ২০০৪ সাল থেকে চান মিয়া ওরফে চান্দু এ কারাগারে বন্দি ছিলেন।
উল্লেখ্য, ২০০২ সালের ১৬ ফেব্রুয়ারি কেরানীগঞ্জে আমির আব্দুল্লাহ হাসান ও সেন্টু মিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যা মামলার প্রধান আসামি ছিলেন চাঁন মিয়া।



