বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা

আনুষ্ঠানিক বিভিন্ন আয়োজনে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর সমান মর্যাদা পাবেন বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা

গাজীপুর কণ্ঠ ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিয়েছে ভারত সরকার। তবে এই মর্যাদা শুধু আনুষ্ঠানিক ও প্রটোকলসংশ্লিষ্ট আয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়।

গত ৫ জুন নতুন দায়িত্ব গ্রহণের জন্য বাংলাদেশে পৌঁছান দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করবেন।

ব্যারাকপুরের সাবেক সংসদ সদস্য ও বিজেপি নেতা ত্রিবেদী দুইবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে, তা ঘোচাতে এই অভিজ্ঞ রাজনীতিককে রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দীনেশ ত্রিবেদী বাংলা বলতে পারেন এবং দুই বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণা রাখেন। সেতারবাদক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।

গুজরাটি দম্পতি হীরালাল ও উর্মিলাবেন ত্রিবেদীর ছোট ছেলে দীনেশ হিমাচল প্রদেশের একটি বোর্ডিং স্কুলে পড়াশোনার পর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন।

দীনেশ ত্রিবেদী দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। আশির দশকে কংগ্রেসের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ১৯৯০ সালে জনতা দলে যোগ দেন এবং ১৯৯০ থেকে ১৯৯৬ পর্যন্ত রাজ্যসভায় দলটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করলে দলটিতে যোগ দেন দীনেশ। তিনিই ছিলেন তৃণমূলের প্রথম সাধারণ সম্পাদক। ২০০২ থেকে ২০০৮ পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধিত্ব করেন তিনি।

২০০৯ সালে ব্যারাকপুর থেকে লোকসভায় নির্বাচিত হয়ে মনমোহন সিং সরকারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর দায়িত্ব পান দীনেশ। ২০১১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর পদ ছেড়ে দিলে সেই দায়িত্বও সামলান তিনি। পরে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে।

২০১৯ সালের নির্বাচনে ব্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়ে বিজেপির অর্জুন সিংয়ের কাছে পরাজিত হন দীনেশ। পরে তৃণমূল তাঁকে আবার রাজ্যসভায় পাঠায়।

তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি দল থেকে পদত্যাগ করেন দীনেশ ত্রিবেদী। একই বছরের ৬ মার্চ তিনি বিজেপিতে যোগ দেন।