গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে ইয়াবা সেবনকারী তিন যুবককে মোবাইল কোর্টে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বক্তারপুর ইউনিয়নের উত্তর ফুলদি এলাকার পনির রাজের ছেলে শরীফ রাজ, মাঝুখান এলাকার হাবিবুর রহমানের ছেলে রাব্বি এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনসুরপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে শিপন।
পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বড়নগর বাইপাস মোড়, ফুলদি ও বক্তারপুর এলাকা থেকে তিন যুবককে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করে পুলিশ। পরে শনিবার সকালে তাদের মোবাইল কোর্টে হাজির করা হয়। অভিযুক্তরা দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাদের পৃথকভাবে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।