নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা

ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা

গাজীপুর কণ্ঠ ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. মোতালেব হোসেন (৬১) নামে এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ লেপ-তোশকে মুড়িয়ে সড়কের পাশে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল সাড়ে ৬টায় ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

নিহত মো. মোতালেব হোসেন (৬১) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় বসবাস করছিলেন। তিনি মাসদাইর বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ জানায়, বুধবার রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। পরে তার স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে লেপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবারই তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া শ্বাসরোধের পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ারও আলামত পাওয়া গেছে।

তিনি আরও জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।