গাজীপুর কণ্ঠ ডেস্ক
শ্রীপুরে মোটরসাইকেলে মামাবাড়ি বেড়াতে যাওয়ার পথে মাছবোঝাই ট্রাকের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতেরা হলেন কাওসার আহমেদ (২৪) ও সোলাইমান হোসেন (২২)।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিশুতোষ বিদ্যাঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার আহমেদ ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এলাকার মো. গিয়াসউদ্দিনের ছেলে। তিনি একটি ফলের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। অন্যদিকে সোলাইমান হোসেন একই এলাকার হাসান সিকদারের ছেলে এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
নিহত কাওসারের বড় ভাই ফয়সাল আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, চার বন্ধু দুটি মোটরসাইকেলে চড়ে কেরানীগঞ্জ থেকে সোলাইমানের মামাবাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। রাতে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে রংসাইডে আসা একটি দ্রুতগতির মাছবোঝাই ট্রাক তাঁদের মোটরসাইকেলকে সামনাসামনি চাপা দেয়। এতে কাওসার ও সোলাইমান ঘটনাস্থলেই মারা যান। পেছনে থাকা অন্য মোটরসাইকেলের দুই বন্ধু অক্ষত আছেন।
পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা রাতেই শ্রীপুরে গিয়ে মরদেহ শনাক্ত করেন। ছোটবেলা থেকে ঘনিষ্ঠ বন্ধু কাওসার ও সোলাইমান একসঙ্গে চলাফেরা করতেন, বেড়াতেন, আড্ডা দিতেন—শেষযাত্রাতেও দুজন একসঙ্গেই বিদায় নিলেন।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে, তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাছবোঝাই ট্রাকটি রংসাইডে চলার কারণেই মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে দুই আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।