কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

আইন অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার সাধারণত পাঁচ লাখ টাকা এবং গুরুতর আহত ব্যক্তি চিকিৎসার জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত পেতে পারেন।

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

কালীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় লরি চাপায় সড়কে থাকা ৭৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ জুলাই) ভোরে টঙ্গী-কালীগঞ্জ সড়কের বোয়ালী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হরিদাসী। তিনি কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমুলিয়া এলাকার কেনু মণ্ডলের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, ভোরে টঙ্গীগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আড়িখোলা এলাকা পার হয়ে বোয়ালী মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি সামনে থাকা একটি লরিকে (ট্রাক্টর) ধাক্কা দেয়। সংঘর্ষের সময় সড়কের পাশে দাঁড়ানো হরিদাসীকে চাপা দিয়ে লরিটি পার্শ্ববর্তী একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। দোকানটির মালিক সুরুজ আলী নামের এক ব্যক্তি বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে হরিদাসীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার পথেই সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বাস ও লরিটি আটক করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য : সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৫৩ ধারা অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সরকারি আর্থিক সহায়তা দিয়ে থাকে। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক পুনর্বাসনের লক্ষ্যে এই তহবিল পরিচালনা করা হয়। 

এই আইন অনুযায়ী, নিহত ব্যক্তির পরিবার সাধারণত পাঁচ লাখ টাকা এবং গুরুতর আহত ব্যক্তি চিকিৎসার জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। তবে এই সহায়তা স্বয়ংক্রিয়ভাবে মেলে না। দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২ পূরণ করে সংশ্লিষ্ট জেলার বিআরটিএ সার্কেল অফিসে আবেদন করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন, আর্থিক সহায়তা গ্রহণ করুন।

ক্ষতিপূরণ ফরম-৩২