গাজীপুর কণ্ঠ ডেস্ক
টানা ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় আটকা পড়েছে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। এর জেরে চট্টগ্রাম-কক্সবাজার রুটে সাময়িকভাবে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি আটকা পড়ে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ষোলশহর স্টেশনের স্টেশনমাস্টার আরিফুল ইসলাম।
তার ভাষ্য অনুযায়ী, ৬৫০ জনের বেশি যাত্রী নিয়ে সকাল সোয়া ৬টায় কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি ষোলশহর অতিক্রম করার পরই রেললাইনে জমে থাকা পানির কারণে আর এগোতে পারেনি। পরে ট্রেনটি পিছিয়ে এনে ষোলশহর স্টেশনে রাখা হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্তও এটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করতে পারেনি।

একই সময়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেসও বাধার মুখে পড়ে। দোহাজারী এলাকায় রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় ট্রেনটি সেখানেই আটকে রাখা হয়েছে বলে জানান স্টেশনমাস্টার আরিফুল ইসলাম।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, সোমবার দিবাগত মধ্যরাত থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে নগরের নিচু এলাকাগুলোতে পানি জমতে শুরু করে, আর দুপুরের দিকে বঙ্গোপসাগরের জোয়ারের পানি কর্ণফুলী নদী দিয়ে উপচে পড়ে। এতে ষোলশহরসহ নগরের বেশির ভাগ এলাকা জলমগ্ন হয়ে যায়। বর্তমানে নগরের বিভিন্ন এলাকায় পানি জমে আছে, আর থেমে থেমে চলছে ভারী বৃষ্টি।
পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা একটি নিম্নচাপের প্রভাবে হচ্ছে। অতি ভারী এই বৃষ্টির কারণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং কয়েকটি এলাকার প্রধান সড়কেও পানি উঠে গেছে।