বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতনের অর্থ যাচ্ছে ত্রাণ তহবিলে

বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতনের অর্থ যাচ্ছে ত্রাণ তহবিলে

বিশেষ প্রতিনিধি

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকার মানুষের তাৎক্ষণিক ত্রাণ ও পুনর্বাসন সহায়তার লক্ষ্যে গাজীপুরের সংসদ সদস্য এক মাসের এবং জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করবেন।

রবিবার (১২ জুলাই) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বন্যাকবলিত জনপদের তাৎক্ষণিক ত্রাণ ও পুনর্বাসন সহায়তার লক্ষ্যে তাঁর একমাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন। এ সময় সভায় উপস্থিত জেলার সকল সরকারি দপ্তরের প্রধানরাও নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে এই মহতী উদ্যোগে অংশ নেওয়ার বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে সম্মতি জানান এবং তাঁদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের ঘোষণা দেন।

সভায় জানানো হয়, গাজীপুরের পাঁচটি আসনের সকল সংসদ সদস্য একমাসের সম্পূর্ণ মূল বেতনের সমপরিমাণ অর্থ বন্যা তহবিলে দান করে জেলা প্রশাসকের কাছে জমা দেবেন। একই সঙ্গে জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করবেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে এই অর্থ সংগ্রহ করে দ্রুততম সময়ের মধ্যে তা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানো হবে বলে সভায় জানানো হয়।