ব্রিতে ধানের তাপ সহনশীলতা ও অক্সিজেনবিহীন অঙ্কুরোদগম নিয়ে কর্মশালা

ব্রিতে ধানের তাপ সহনশীলতা ও অক্সিজেনবিহীন অঙ্কুরোদগম নিয়ে কর্মশালা

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) “সিরিয়ালস ল্যাব-ব্রি: ধানের তাপসহনশীলতা ও অক্সিজেনবিহীন অঙ্কুরোদগম বিষয়ক অগ্রাধিকার” প্রকল্পগুলোর প্রারম্ভিক ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্রির প্রশিক্ষণ কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে আয়োজিত এই কর্মশালায় বক্তব্য রাখেন—পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের এইচ এম বিচেল রাইস চেয়ার অধ্যাপক ড. মাইকেল থমসন ও রাইস জেনেটিক্স ও জিনোমিক্স বিভাগের অধ্যাপক ড. এনডাং সেপটিনিংসি।

স্বাগত বক্তব্য রাখেন ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার ড. খোন্দকার মো. ইফতেখারউদ্দৌলা। 

ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার চিফ সায়েন্টিফিক অফিসার ড. মোহাম্মদ এখলাছুর রহমান।

ব্রি ও যুক্তরাষ্ট্র সরকারের “ফিড দ্য ফিউচার ইনোভেশন ল্যাব ফর সিরিয়ালস” কর্মসূচির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দুটি প্রকল্প নিয়ে উপস্থাপনা দেওয়া হয়—সিরিয়ালস ল্যাব-ব্রি: তাপমাত্রা অগ্রাধিকার প্রকল্প ও সিরিয়ালস ল্যাব-ব্রি: অক্সিজেনবিহীন অঙ্কুরোদগম অগ্রাধিকার প্রকল্প।

এসব প্রকল্পের পরিকল্পনা, কার্যপরিধি এবং ব্রির অগ্রগতি নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্পগুলোর বৈশিষ্ট্য শনাক্তকরণ, যাচাইকরণ, স্থানান্তর পরিকল্পনা, বাস্তবায়ন ও সম্প্রসারণ কৌশল নিয়েও আলোচনা হয়। শেষে দুটি প্রকল্প নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।