গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন ও ল্যাব রিপোর্ট ছাড়াই রুটি উৎপাদন ও বাজারজাতের দায়ে আইশিন ফুডস কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) উপজেলার নাগরী এলাকার নাগরভোলায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির উৎপাদিত রুটির মেয়াদ ২০ দিন থেকে এক মাস পর্যন্ত নির্ধারণ করা হলেও এত দীর্ঘ মেয়াদ থাকার পক্ষে কোনো ল্যাব রিপোর্ট দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।

এ ছাড়া প্রতিষ্ঠানটির কাছে থাকা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্সের সঙ্গে বাস্তবে উৎপাদিত রুটির উপকরণের মিল পাওয়া যায়নি। যে রুটি উৎপাদনের জন্য লাইসেন্স নেওয়া হয়েছিল, বাস্তবে তা না করে ভিন্ন ধরনের রুটি উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।
রুটির ভেতরে ব্যবহৃত জ্যামের ফিলিংসের উপকরণ সম্পর্কে সঠিক ব্যাখ্যা দিতে পারেননি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কেউ। এই জ্যাম ফিলিংসের কোনো বিএসটিআই অনুমোদনও নেই বলে জানা গেছে। এ ছাড়া কারখানায় ব্যবহৃত সব উপকরণ ও নির্দেশনা চীনা ভাষায় লেখা, যা নিরাপদ খাদ্য আইন, ২০১৩–এর সঙ্গে সাংঘর্ষিক। অভিযানকালে প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্সও পাওয়া যায়নি।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গাজীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়ার উপস্থিতিতে দীর্ঘ সময় নথিপত্র যাচাই-বাছাই শেষে নিরাপদ খাদ্য আইন, ২০১৩–এর ৩২(ক) ও ৩৮ ধারায় লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
জরিমানার অর্থ পরিশোধ করেন আইশিন ফুডস কোম্পানি লিমিটেডের মো. রিফাত (২৪)।