গাজীপুর কণ্ঠ ডেস্ক
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন হাজীর মাজার বস্তিতে মাদক কারবার দমনে যৌথ অভিযান চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় বস্তির অবৈধ বিদ্যুৎ, গ্যাস, পানি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বুধবার (২২ জুলাই) সকাল থেকে পরিচালিত এই অভিযানে অংশ নেয় ডেসকো, সংশ্লিষ্ট সেবা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, হাজীর মাজার বস্তিকে কোনোভাবেই মাদক ব্যবসা ও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হতে দেওয়া হবে না।

তিনি বলেন, মাদক কারবার টিকিয়ে রাখতে যারা অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস, পানি ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করছে, তাদের সেই সুযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে। আইনবহির্ভূত সব ধরনের সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তার ভাষায়, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, শুধু অভিযান চালিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। গাজীপুর মহানগরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন, ডেসকোর নির্বাহী প্রকৌশলী এ কে এম নাজিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।