গাজীপুর কণ্ঠ ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপ দেখার জন্য সাময়িক ভিসায় কানাডা গিয়ে অন্তত ১০ জন বাংলাদেশি নাগরিক রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগের (আইআরসিসি) সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে দেশটির সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।
কানাডা ও যৌথ আয়োজক দেশগুলোর ব্যবস্থাপনায় জুনে অনুষ্ঠিত বিশ্বকাপ দেখার কথা বলে ২৬ হাজার ১১১ জন বিদেশি নাগরিকের অস্থায়ী বসবাসের আবেদন অনুমোদিত হয়েছিল। এদের মধ্যে ২০ জুলাই পর্যন্ত ১৭৫ জন দেশে না ফিরে কানাডা সরকারের কাছে শরণার্থীর আশ্রয় চেয়ে আবেদন করেছেন।
বাংলাদেশ থেকে বিশ্বকাপ দেখার জন্য মোট ২৮৫ জন ভিসার আবেদন করেছিলেন। কঠোর যাচাই-বাছাই শেষে কানাডা ইমিগ্রেশন মাত্র ৪৫ জনকে ভিসা দেয়। এই ৪৫ জনের মধ্যে ১০ জনই কানাডায় পৌঁছানোর পর আশ্রয়ের আবেদন করেছেন।
অর্থাৎ, বাংলাদেশ থেকে ভিসা পাওয়া প্রতি পাঁচজনের একজন খেলা দেখার অজুহাতে স্থায়ীভাবে কানাডায় থেকে যাওয়ার পথ বেছে নিয়েছেন।
কানাডা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি আশ্রয়ের আবেদন এসেছে আফ্রিকার দেশ ঘানা থেকে—২৫ জন। এরপর মিশর, কলম্বিয়া ও কেনিয়া থেকে ১৫ জন করে এবং চীন, নাইজেরিয়া ও বাংলাদেশ থেকে ১০ জন করে আবেদন জমা পড়েছে। তালিকায় রয়েছেন নেপাল, পাকিস্তান, সেনেগাল ও ইকুয়েডরের দর্শনার্থীরাও।
বিশ্বকাপ শুরুর আগেই কানাডা কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছিল, কোনো টিকিটধারী দেশে ফিরে না যাওয়ার ঝুঁকি তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে টুর্নামেন্ট শেষে নির্ধারিত সময়ের অতিরিক্ত অবস্থান ও আশ্রয়ের আবেদন ঠেকানো যায়নি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে কানাডার অভিবাসন বিভাগ।