নিজস্ব সংবাদদাতা
কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ব্যানার ও একটি মোটরসাইকেলসহ সংগঠনটির তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের পারাবর্তার (পূর্বাচল ২৭ নম্বর সেক্টর) গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলো, উত্তরখান উজামপুর এলাকার মো. আব্দুর রাজ্জাক (১৯), সিয়াম হোসেন সায়েম (২১) ও ফিরোজ আহম্মেদ (১৮)। তারা সবাই ছাত্রলীগের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল ছাত্রলীগের নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে সামান্য আহত হন সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলাম। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক অন্য আসামিদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।