গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জ উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিয়োগ পেয়েছেন আল-আমিন হালদার। বর্তমানে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মরত আছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) ভূমি মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদারকে (১৯১১৫) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিএস ৩৮তম ব্যাচের কর্মকর্তা আল-আমিন হালদার ২০২২ সালের ১৯ জুন থেকে ২০২৪ সালের ২১ মার্চ পর্যন্ত সহকারী কমিশনার হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এবং তারও আগে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। পরে পদোন্নতি পেয়ে তিনি ২০২৪ সালের ৯ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
মাটিরাঙায় দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর তাঁকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কেরানীগঞ্জে বদলি করা হয়। পরে ২০ ডিসেম্বর ওই আদেশ বাতিল করে তাঁকে রাজবাড়ী সদর উপজেলায় বদলি করা হয়। এর চার দিনের মাথায় ২৪ ডিসেম্বর সেই আদেশও বাতিল করে আল-আমিন হালদারকে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়। তবে যোগদানের আগেই সাত দিনের মাথায় এই আদেশও বাতিল করে ২০২৫ সালের ১ জানুয়ারি তাঁকে নরসিংদী জেলার বেলাবো উপজেলায় পদায়ন করা হয়।
এরপর ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তিনি নরসিংদীর বেলাবো উপজেলায় দায়িত্ব পালন করেন। পরে ২০২৫ সালের ৩১ আগস্ট তাঁকে আবার বদলি করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়, যেখানে তিনি বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত।
আল-আমিন হালদারের নিজ জেলা মুন্সীগঞ্জ।