গাজীপুর কণ্ঠ ডেস্ক
দেশজুড়ে পুলিশের যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দফতর মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে।
শনিবার (১ আগস্ট) এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।
গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনে হামলা চালাতে পারে। এই আশঙ্কা থেকেই পুলিশ সদর দফতর সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে।
পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে কোনো শিথিলতা বা অবহেলার সুযোগ নেই বলে জানানো হয়েছে বার্তায়।
ডিউটির সময় ও ডিউটি শেষে পার্ক করা যানবাহনের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করে সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখতে হবে। চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনো অবস্থাতেই যানবাহন ফেলে রাখা যাবে না— অর্থাৎ অরক্ষিত অবস্থায় পুলিশি যানবাহন রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ডিউটি শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সদর দফতরের বার্তায় বিষয়টিকে “অতি গুরুত্বপূর্ণ” হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।