গাজীপুর কণ্ঠ ডেস্ক
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশ ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল ক্ষুণ্ন করা এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করা।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ পুলিশ কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমের বিরুদ্ধে জোরালো আইনি ব্যবস্থা গ্রহণ করায় ও অপপ্রচারকারীদের কোন অন্যায় তদবির আমলে না নেওয়ায় অসন্তুষ্ট মহল মনগড়া তথ্য সংবলিত এ ধরণের অপপ্রচারে লিপ্ত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িত থাকার, সরকারি দপ্তরে অনৈতিক তদবির করা এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবি করার তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
বাংলাদেশ পুলিশ জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য যাচাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক তৈরির মাধ্যমে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে বাংলাদেশ পুলিশ দৃঢ় মনোবল, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
কোনো অপপ্রচার যাতে পুলিশ বাহিনীর মনোবল ক্ষুন্ন ও পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে জনগণের সচেতনতা, সহযোগিতা এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা একান্তভাবে কাম্য।