ফেসবুক বিজ্ঞাপনের পেমেন্টে যুক্ত হচ্ছে বিকাশ

বিকাশের মাধ্যমে পেমেন্ট সুবিধা চালু হলে আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমার পাশাপাশি ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপন পরিচালনা সহজ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফেসবুক বিজ্ঞাপনের পেমেন্টে যুক্ত হচ্ছে বিকাশ

গাজীপুর কণ্ঠ, প্রযুক্তি ডেস্ক

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মেটার বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে বিকাশের এই সুবিধা বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, ফেসবুকের অ্যাডস ম্যানেজারের ‘পেমেন্ট পদ্ধতি যোগ করুন’ অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের অপশনও দেখা যাচ্ছে। কয়েকজন ব্যবহারকারী এই সুবিধা ব্যবহার করে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।

বাংলাদেশে এত দিন ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক বা ডুয়াল-কারেন্সি কার্ডের প্রয়োজন হতো। এ কারণে বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের নানা ধরনের ব্যাংকিং জটিলতা ও অতিরিক্ত খরচের মুখে পড়তে হতো।

বিকাশের মাধ্যমে পেমেন্ট সুবিধা চালু হলে আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমার পাশাপাশি ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপন পরিচালনা সহজ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে মেটার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে পরীক্ষামূলক এই সুবিধা কবে নাগাদ বাংলাদেশে সবার জন্য চালু হবে, তা এখনো নিশ্চিত নয়।