গাজীপুর কণ্ঠ ডেস্ক
রাজধানী ঢাকার বাড্ডা ও ভাটারা এলাকা থেকে আলাদা ঘটনায় এক কলেজ শিক্ষার্থীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মৃতরা হলেন, মহানগর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সাঈদ হাসান জিহান (১৭) ও শিহাব উদ্দিন মালেক ওরফে সাগর (৩৬)।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন উল্লেখ করেন, সাঈদ হাসান জিহানের বাসা বাড্ডা দক্ষিণ আনন্দনগর এলাকায়। একটি বাড়ির তৃতীয় তলায় পরিবারের সাথে থাকতেন তিনি। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে পরিবারের সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে কাপড়ের বেল্ট দিয়ে তিনি গলায় ফাঁস দেন।
পরবর্তীতে পরিবার সদস্যরা দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান। এরপর থানায় খবর দেওয়া হলে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবার নাম মো. রনি সরকার এবং মা লিলা আক্তার।
অপরদিকে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. চাঁদ আলী সংবাদ মাধ্যমকে জানান, শিহাব উদ্দিনের বাড়ি চট্টগ্রামের হালিশহরের আগ্রাবাদ এলাকায়। তার বাবার নাম আব্দুল মালেক এবং মা নুরজাহান মালেক। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের ১৪ নম্বর রোডের থাকেন শিহাব। বৃহস্পতিবার সেই বাসায় বান্ধবীকে ভিডিও কলে রেখে ডাইনিং রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।