বিশেষ প্রতিনিধি
কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক চালককে হত্যাও ও ছেলে খুনের খবরে বৃদ্ধ মায়ের মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার ও ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রবিবার (২৩ অগাস্ট) দুপুরে গাজীপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান সংস্থার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।
পুলিশ সুপার জানান, গত ২০ আগস্ট বিকেলে কাপাসিয়া থানার মির্জানগর এলাকার কৃষক ও ব্যাটারিচালিত অটোরিকশাচালক আতাউর রহমান ওরফে আতা মিয়া (৬০) বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাত আটটার দিকে সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও মির্জানগর এলাকার একটি উচ্চবিদ্যালয়ের পাশে কলাবাগানের কাছে তাকে হত্যা করে অটোরিকশা ও একটি বাটন মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছেলের মৃত্যুর সংবাদ শুনে তাঁর মা জহুরা খাতুন (৭৫) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় ২১ আগস্ট কাপাসিয়া থানায় দস্যুতাসহ হত্যা মামলা হয়।

নিহত আতাউর রহমান ওরফে আতা মিয়া।
মামলা হওয়ার পরপরই পিবিআইয়ের একটি দল ছায়াতদন্ত শুরু করে, পরে আনুষ্ঠানিকভাবে মামলাটির দায়িত্ব নেয় গাজীপুর পিবিআই। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ২১ আগস্ট রাতে কাপাসিয়ার চালারবাজার ও নরোত্তমপুর এলাকা থেকে দুই মূল আসামি রাজীব খান (২৯) ও নকিবুল হাসান ওরফে রাকিবকে (২৪) গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যের সূত্র ধরে নরসিংদীর মনোহরদী থানার হাতিরদিয়া বাসস্ট্যান্ডের ‘আল-মদিনা এন্টারপ্রাইজ’ নামের একটি দোকান থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং দোকানমালিক মো. কিবরিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়। এ সময় অটোরিকশা বিক্রির ২২ হাজার টাকা এবং হত্যায় ব্যবহৃত লোহার রড, হাতুড়ি ও রশি জব্দ করা হয়।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার রাজীব ও নকিবুল আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নকিবুলের সঙ্গে নিহত আতাউর রহমানের দূরসম্পর্কের আত্মীয়তা ছিল, যে কারণে তাকে সহজ লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয় বলে জানান পুলিশ সুপার। ঘটনার দিন বিকেলে তাঁরা আতাউরকে ফোন করে ডেকে নিয়ে কলাবাগানের পাশে থামান। এরপর দড়ি দিয়ে গলা চেপে ধরে রড ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাঁর মৃত্যু নিশ্চিত করেন। পরে লাশ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে গিয়ে কিবরিয়ার কাছে ৪২ হাজার টাকায় সেটি বিক্রি করে দেন।
পুলিশ সুপার বলেন, ঋণের চাপে পড়েই তারা অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন।