গাজীপুর কণ্ঠ ডেস্ক
গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ইজিবাইক চালক ও তাকে বাঁচাতে গিয়ে গ্যারেজ মালিক মারা গেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন টঙ্গী পূর্ব থানার শিলমুন এলাকার মো. ওয়াজ উদ্দিনের ছেলে মো. সোহাগ (২৭) এবং মাজুখান পশ্চিমপাড়ার অটোগ্যারেজের মালিক মো. সুজন মিয়া (৩৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ সুজন মিয়ার গ্যারেজ থেকে ইজিবাইক ভাড়ায় নিয়ে চালাতেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গ্যারেজে গিয়ে ইজিবাইকের চার্জার বিচ্ছিন্ন করার সময় তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে আটকে যান। বিষয়টি দেখে গ্যারেজমালিক সুজন মিয়া তাঁকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় সুজন মিয়ার স্ত্রী শিখা আক্তার চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং দুজনকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, নিহত দুজনের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।