গাজীপুর কণ্ঠ ডেস্ক
নওগাঁর মান্দায় নির্বাচন কমিশনের সার্ভারে সংরক্ষিত নাগরিকদের গোপন তথ্য ব্যবহার করে প্রতারণা এবং এনআইডি-সিডিআরের তথ্য সংগ্রহ ও সরবরাহ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। গ্রেপ্তার যুবকের নাম মো. আব্দুস সালাম সরকার (২৬)।
এর আগে এদিন ভোর ৫টার দিকে উপজেলা পরিষদের মূল ফটকের বিপরীতে প্রসাদপুর গ্রামের ‘সরকার কম্পিউটার ও অনলাইন পয়েন্ট’ নামে একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, আব্দুস সালাম সরকার ও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি পরস্পর যোগসাজশে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ডিজিটাল ডিভাইস, বিভিন্ন অনলাইন আইডি ও মোবাইল ব্যাংকিং হিসাব ব্যবহার করে বিভিন্ন সার্ভারে অবৈধভাবে প্রবেশ করতেন। পরে সেখান থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও গোপনীয় তথ্য সংগ্রহ করে অর্থের বিনিময়ে সরবরাহ করতেন।
র্যাব আরও জানায়, গত ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচন অফিসে অস্থায়ী ভিত্তিতে কাজ করার সুবাদে আব্দুস সালামের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সার্ভারে প্রবেশের বিষয়ে ধারণা তৈরি হয়। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন অনলাইন আইডি ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে টাকার বিনিময়ে এসব তথ্য সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
আব্দুস সালামের মোবাইল ফোন যাচাই করে একাধিক সিডিআর এবং বিভিন্ন মোবাইল নম্বরের একাধিক লোকেশন পাওয়ার কথা জানিয়েছে র্যাব। এসব তথ্য কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
র্যাব জানিয়েছে, আব্দুস সালামের বিরুদ্ধে নওগাঁর মান্দা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং তারা কী পরিমাণ তথ্য সংগ্রহ ও সরবরাহ করেছে, সে বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।