কালীগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে অব্যাহতি

কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের অনার্স ভবনের পেছনে আড়িখোলা রেল স্টেশনের পরিত্যক্ত একটি স্টাফ কোয়ার্টারে নিয়ে জোরপূর্বক ধর্ষণ এবং মোবাইলে ভিডিও ধারণ করা হয়।

কালীগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে অব্যাহতি

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

কালীগঞ্জে এক কলেজ ছাত্রীকে (১৭) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ ও তার ভিডিও ধারণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

অভিযোগ ওঠার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভুক্তভোগীর বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্তের নাম জাহিদুল ইসলাম শিপন ওরফে জাহিদ মুন্সি নামে (২৬)। তিনি কালীগঞ্জ পৌর এলাকার মুনসেফপুরের বাসিন্দা জাকির হোসেনের ছেলে এবং এনসিপির কালীগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম সদস্যসচিব।

ভুক্তভোগী কিশোরী চুয়ারিয়াখোলা এলাকার বাসিন্দা ও কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

মামলার তথ্য মতে, কালীগঞ্জ বাজারের খোদেজা শপিং কমপ্লেক্সে ঘড়ি-চশমার দোকান চালায় জাহিদ মুন্সি। মাস তিনেক আগে ঘড়ি কিনতে গিয়ে ওই ছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়, যা পরে ঘনিষ্ঠতায় গড়ায়। এই সুযোগে তিনি ছাত্রীর ব্যক্তিগত ছবি সংগ্রহ করেন এবং বিয়ের কথা বলে শারীরিক সম্পর্কের জন্য চাপ দিতে থাকেন। ছাত্রী রাজি না হওয়ায় প্রযুক্তির মাধ্যমে বিকৃত (এডিট করা) অশ্লীল ছবি তৈরি করে তা ফেসবুকে প্রকাশের ভয় দেখানো হয় বলে এজাহারে বলা হয়েছে। এরপর বেড়ানোর কথা বলে বিভিন্ন সময় হোটেল-রিসোর্টে নিয়ে গিয়ে ছাত্রীর অমতে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ আছে।

সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর দুপুরে পূবাইল থানার মীরের বাজার এলাকার একটি গেস্ট হাউসে এবং একই দিন বিকেলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের অনার্স ভবনের পেছনে আড়িখোলা রেল স্টেশনের পরিত্যক্ত একটি স্টাফ কোয়ার্টারে নিয়ে জোরপূর্বক ধর্ষণ এবং মোবাইলে ভিডিও ধারণ করা হয়।

বিয়ের প্রসঙ্গ তুললে অভিযুক্ত ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে এজাহারে বলা হয়েছে।

পরে বিষয়টি বোনকে জানান ভুক্তভোগী। খোঁজ নিয়ে পরিবার জানতে পারে, অভিযুক্তের আগে একাধিক বিয়ে ও একটি সন্তান থাকার তথ্য তিনি গোপন রেখেছিলেন। ঘটনা জানাজানির পর অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা বাদীকে হুমকি দেন।

মামলার আগেই, রবিবার এনসিপির গাজীপুর জেলা কমিটির জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রায়হানের স্বাক্ষরে জাহিদ মুন্সিকে কারণ দর্শানোর নোটিশসহ সব দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। নোটিশে দলীয় নীতি ও নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করে দুই কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে; অন্যথায় গঠনতন্ত্র অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, মামলা নথিভুক্তের পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।