শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা

শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বরমী মধ্যপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. জসীম উদ্দিন নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তার তাহমিনা বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকার কবির হোসেনের স্ত্রী। পুলিশ বলছে, কবির হোসেন আন্তজেলা মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর, ঢাকার রমনা ও ময়মনসিংহের ভালুকা থানায় মাদকসহ ১১টি মামলা রয়েছে।

পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শ্রীপুর থানা-পুলিশের একটি দল বরমী মধ্যপাড়া এলাকায় কাজল নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। ওই বাড়িতে ভাড়া থাকেন কবির হোসেন। অভিযানে ঘর থেকে বিভিন্ন আকারের প্যাকেটে রাখা ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাহমিনাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, কবির হোসেন স্ত্রী ও অন্য মাদক বিক্রেতাদের নিয়ে বিভিন্ন অঞ্চল থেকে মাদকের বড় চালান আনতেন। পরে এলাকার খুচরা মাদক বিক্রেতাদের মাধ্যমে তা মাদকসেবীদের কাছে বিক্রি করতেন।