গাজীপুরে বাসায় গিয়ে নারীকে ছুরিকাঘাতে হত্যা

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাজীপুরে বাসায় গিয়ে নারীকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুর কণ্ঠ ডেস্ক

গাজীপুরে এক যুবকের ছুরিকাঘাতে সানজিদা আক্তার নামে ২৩ বছর বয়সী এক নারী নিহত হয়েছে। 

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহানগেরর কোনাবাড়ী থানার আমবাগ আতাউর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, আমবাগ আতাউর মার্কেট এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন সানজিদা। রবিবার সকালে এক যুবক সেখানে গিয়ে তার বুকে ছুরি মেরে পালিয়ে যান। সানজিদার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। হত্যার কারণ এখনো জানা যায়নি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। ঘটনার তদন্ত হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।