মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

তবে কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগ, সে বিষয়ে জানানো হয়নি।

মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

গাজীপুর কণ্ঠ ডেস্ক

সৌদি আরব মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম আজেল নিউজ জানিয়েছে, বুধবার (১৪ অক্টোবর) এই দণ্ড কার্যকর করা হয়। যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাদের নাম নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।

মন্ত্রণালয় বলছে, মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। তদন্ত শেষে আদালতে মামলা হয় এবং বিচারে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, অপরাধ প্রমাণিত হওয়ায় এবং স্থান ও সময়ের পবিত্রতা বিবেচনায় এই শাস্তি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় অনুমোদন করার পর তা কার্যকর হয়।

তবে ‘অনৈতিক কাজ’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, বিবৃতিতে তার ব্যাখ্যা নেই। কবে তারা আটক হয়েছিলেন বা কবে রায় হয়েছিল, তাও জানা যায়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পবিত্র স্থান ও মসজিদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এবং ইসলামি আইন বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ন করলে বা সেখানে অপরাধমূলক কাজে জড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা সতর্ক করেছে।