বিশেষ প্রতিনিধি
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন গাজীপুর মহানগরের সদর থানার ভোড়া হাজীবাগ এলাকার মো. শুভ (২০), পূর্ব চান্দনা এলাকার সানোয়ার হোসেন হৃদয় (২৩) ও মো. ইয়াছিন (২৬)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে ঢুকে হামলা করেন। তাদের লক্ষ্য ছিল পুলিশের হাতে আটক দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়া। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
হামলার খবর পেয়ে সদর থানা পুলিশের কয়েকটি দল, জিএমপির গোয়েন্দা শাখা এবং রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল যৌথভাবে অভিযানে নামে। অভিযানে হামলায় সরাসরি জড়িত তিনজনকে আটক করা হয়।
ওসি আরও জানান, ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। গ্রেপ্তার তিনজনকে নিয়ম অনুযায়ী জয়দেবপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।