কক্সবাজারে রিসোর্টে আগুন, ৬ জনের মরদেহ উদ্ধার

রিসোর্টের তিনটি তলাই কাঠের তৈরি ছিল এবং পুরো স্থাপনা ভস্মীভূত হয়েছে।

কক্সবাজারে রিসোর্টে আগুন, ৬ জনের মরদেহ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে আগুনে ছয়জনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে লাগা এই আগুনে বাঁশ ও কাঠের তৈরি তিনতলা রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বেলা ১১টায় আগুন পুরোপুরি নেভানোর পর ছয়জনের মরদেহের তথ্য নিশ্চিত হওয়া গেছে।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার সংবাদ মাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। কক্সবাজার শহরের প্রবেশদ্বার কলাতলী থেকে জায়গাটি প্রায় ২৯ কিলোমিটার দূরে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন সকাল ১০টার দিকে সংবাদ মাধ্যমকে বলেছিলেন, রিসোর্টের তিনটি তলাই কাঠের তৈরি ছিল এবং পুরো স্থাপনা ভস্মীভূত হয়েছে।

তিনি তখন বলেন, “আমরা সেখানে তল্লাশি চালাচ্ছি। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত মোট কতজন মারা গেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, আগুনের কারণে পুলিশ প্রথমে ভেতরে ঢুকতে পারেনি। ফায়ার সার্ভিস উদ্ধার ও তল্লাশির কাজ করছে।

স্থানীয় সূত্র বলছে, আগুন লাগার পরপরই রিসোর্টের দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। তবে এ বিষয়ে রিসোর্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি।