নিজস্ব সংবাদদাতা
গাজীপুর মহানগরে ছিনতাইয়ের উদ্দেশ্যে রাস্তায় অবস্থান করার অভিযোগে দুজনকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে শিববাড়ী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি চাকু জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুজনের একজন মানিক মিয়া (৩১), জামালপুর সদরের দমদম বকুলতলা এলাকার বাসিন্দা। অন্যজন রুবেল মিয়া (২৯), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সামর্থবাড়ী এলাকার বাসিন্দা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগের উপপরিদর্শক মো. মতিউর রহমান বলেন, রাত আড়াইটার দিকে তারা গোপন সূত্রে খবর পান, শিববাড়ী মোড়ে কয়েকজন ব্যক্তি অস্ত্র নিয়ে ছিনতাইয়ের জন্য ওত পেতে আছে। এরপর সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
পুলিশ বলছে, তল্লাশিতে তাদের কাছ থেকে অস্ত্র পাওয়া যায়। এ ঘটনায় জিএমপির সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুজনেরই অপরাধের পূর্ব ইতিহাস আছে।
মানিক মিয়ার বিরুদ্ধে দস্যুতার দুটি, ডাকাতির প্রস্তুতির একটি ও চুরির তিনটি মামলা রয়েছে। এ ছাড়া তার নামে দুটি সাধারণ ডায়েরিও (জিডি) আছে।
রুবেল মিয়ার বিরুদ্ধে চুরির তিনটি, মাদকের একটি এবং অন্যান্য ধারায় আরও দুটি মামলা রয়েছে।