বিশেষ প্রতিনিধি
গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল রাজদিঘীসহ মহানগরের সব খাস পুকুর দখল ও দূষণমুক্ত করে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের দাবিতে সমাবেশ করেছে একটি সংগঠন। এ সময় রাজদিঘীর পাড়ে ডাস্টবিন বসানো হয় এবং লিফলেট বিতরণ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় ‘ভাওয়াল রাজদিঘী সংস্কার ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন আন্দোলন’ নামের সংগঠনটি রাজদিঘীর পাড়ে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা জলাশয় রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও ডেঙ্গু প্রতিরোধের ওপর জোর দেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগর গড়ে তোলার আহ্বানও জানান তারা। বক্তারা জলাশয় রক্ষা ও সরকারি খাস পুকুর পুনরুদ্ধারে প্রশাসন এবং সিটি করপোরেশনকে কার্যকর উদ্যোগ নিতে বলেন।
সমাবেশ শেষে দিঘীর আশপাশের বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে পরিবেশবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সংগঠনের আহ্বায়ক মনোয়ার হোসেন রনির সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সদস্যসচিব অধ্যাপক মো. রফিকুল ইসলাম আলম। বক্তব্য দেন গাজীপুর জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হাফিজুল্লাহ দর্জি, সিরাজুল হক খোকা, মো. শাহাদাত হোসেন, মো. তাজুল ইসলাম, মিজানুর রহমান, মো. জাহিদ শেখ, প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ, মো. আসিফুজ্জামান ও মাশরুর আরেফিন।