গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের এডেনে সামরিক ক্যাম্পে হামলা করেছে হুতিরা। এডেন বিমানবন্দরের কাছে এ সময় ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে।
হামলার দায় স্বীকার করেছে হুতিরা। অনলাইন আল জাজিরা এ খবর দিয়ে বলেছে, বুধবার এই হামলায় বিকট বিস্ফোরণের শব্দ হয়।
একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ইয়েমেনের এডেন অঞ্চল আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে আছে। সেখানে বিমানবন্দরের কাছে সকালের দিকে এই হামলা হয়। ইয়েমেনের তাইজ থেকে আল জাজিরার সাংবাদিক মাহা আলি বলেন, হুতিরা এডেন বিমানবন্দরকে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে।
হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, বদর ক্যাম্পে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের সামরিক অপারেশন রুমকে টার্গেট করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র। তিনি আরও বলেন, এই হামলা ছিল যথার্থ ও সরাসরি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।