গাজীপুর কণ্ঠ ডেস্ক
সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন এবং সবচেয়ে দুর্নীতিবাজ ব্যক্তিরা নেতা হয়ে যান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বিগত আফ্রিকা সফরের (তানজানিয়া ও ইথিওপিয়া) অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ইথিওপিয়া শহরটা খুবই উন্নত, কোনো চুরি-চামারি নেই। অতীতে মোটরসাইকেলে দু-একটি ছিনতাইয়ের ঘটনা ঘটায় দেশটির সরকার কঠোর পদক্ষেপ হিসেবে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে দিয়েছে।
তিনি আরও জানান, সেখানে সাধারণ মানুষের বাড়িতে জানালার কোনো গ্রিল বা সুরক্ষাব্যবস্থা নেই। সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তার বাসায় গ্রিল লাগাতে চাইলে স্থানীয় লোকজন অবাক হয়ে প্রশ্ন করে, ‘গ্রিল দিয়ে মানুষ কী করবে?’ কারণ সেখানকার মানুষ চিন্তাও করতে পারে না যে কেউ জোর করে অন্যের ঘরে চুরি করতে ঢুকতে পারে।
স্পিকার বলেন, ‘সেই তুলনায় আমরা দেখেন কোথায় চলে গেছি, এইখানে সমাজের নিকৃষ্ট যে লোকটা সেটাই এমপি মন্ত্রী হয়। সবচেয়ে বড় দুর্নীতিবাজ সেগুলা সমাজের নেতা হয়ে গিয়েছে। এটার জন্য আমি আপনাদেরকে দোষ দেই না, সমাজ ব্যবস্থাটাই এমন হয়েছে ভালো লোকের নির্বাচনে দাঁড়াবার সুযোগ নাই। সৎ লোকের রাজনীতি করার পরিবেশ তো আমরা সৃষ্টি করতে পারি নাই। যাই হোক এরকম দেশ থাকবে না। এই আওয়ামী লীগের দুশাসন থেকে যেহেতু আমরা মুক্ত হয়েছি, আগামী দিনে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষের ওপর দয়া করবেন। আমাদের দেশে একটা সুন্দর সমাজ আমরা গঠন করতে পারব।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে অন্যায়ভাবে রাজনৈতিকদের ওপর অত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে, এ জন্য এ অবস্থা থেকে আমরা মুক্তি চেয়েছিলাম আল্লাহর কাছে। এ জন্য তিনি আমাদের ওপর সদয় হয়েছেন এবং দুঃশাসনের হোতাদের দেশ থেকে বিতাড়িত করেছেন। আল্লাহ ছাড় দেন একেবারে ছেড়ে দেন না, যে কারণে আওয়ামী লীগ তার দলবলসহ হাজার হাজার কোটি টাকার সম্পদ বিদেশে রেখে দেশ ছেড়ে তারা পলাতক হয়েছে। শেখ হাসিনা বড় গলায় বলেছিল, আওয়ামী লীগ পলায় না, এখন কোথায় তারা?’
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।