গাজীপুরে রেস্তোরাঁ মালিকের অভিযোগ, অপপ্রচার চালিয়ে ২০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে

আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পর তাকে সমঝোতার কথা বলে ডেকে নেওয়া হয়। সেখানে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়।

গাজীপুরে রেস্তোরাঁ মালিকের অভিযোগ, অপপ্রচার চালিয়ে ২০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

গাজীপুরে এক রেস্তোরাঁ ব্যবসায়ী অভিযোগ করেছেন, একটি চক্র তার বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার চালাচ্ছে এবং বিষয়টি মীমাংসার কথা বলে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের বোর্ডবাজারে নিজের রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন ডেকে এ অভিযোগ করেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। তিনি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক।

লিখিত বক্তব্যে তিনি জানান, ১৮ বছর ধরে বোর্ডবাজারে তার রেস্তোরাঁ রয়েছে। তার দাবি, ব্যবসায়িক প্রতিহিংসা ও ব্যক্তিগত স্বার্থের কারণে প্রায় সাত বছর ধরে একটি চক্র তাকে ও তার প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।

হাবিবুর রহমানের অভিযোগ, সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া, থানায় মামলা করা এবং নানাভাবে হয়রানির পরও সফল না হওয়ায় ওই চক্র সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে।

তিনি বলেন, এ বিষয়ে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পর তাকে সমঝোতার কথা বলে ডেকে নেওয়া হয়। সেখানে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়।

হাবিবুর রহমান জানান, এর প্রতিকার চেয়ে তিনি ১০ আগস্ট ঢাকা মহানগর আদালতে (মামলা নম্বর ৬৭০/২৬) এবং ৭ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে (মামলা নম্বর ৪৭৭/২৬) মামলা করেছেন।

তার ভাষ্য, ক্রমাগত অপপ্রচার, মিথ্যা তথ্য ছড়ানো ও চাঁদা দাবির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় আছেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসুক এবং আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এ জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।

সংবাদ সম্মেলনে সমিতির গাজীপুর জেলা কমিটির সদস্যসচিব মো. বিল্লাল হোসেন, কাচ্চি বাড়ি রেস্তোরাঁর মালিক রিপন আহমেদ, আলামিন হোটেলের মালিক তামিম আহমেদসহ রেস্তোরাঁ ও বিভিন্ন মার্কেটের মালিকেরা উপস্থিত ছিলেন।