গাজীপুর কন্ঠ ডেস্ক
হাতে হাতে বই, চোখে কৌতূহল আর মনে নতুন কিছু জানার তাড়া।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলায়। স্মার্টফোন আর পর্দার ভিড়ে হারিয়ে যেতে বসা পাঠাভ্যাসকে নতুন করে জাগাতে এখানে অনুষ্ঠিত হয়েছে ‘বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’।
সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রথম আলোর সহযোগিতায় শুরু হয় এ আয়োজন।
কালীগঞ্জ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং অনার্স-ডিগ্রি পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে অংশ নেন। অনুষ্ঠানটি ছিল সবার জন্য উন্মুক্ত।

প্রায় ২০০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসেছিলেন চার শতাধিক শিক্ষার্থী। কেউ এসেছেন প্রাথমিকের ছোট্ট পা ফেলে, কেউ কলেজের পড়ার ব্যস্ততা পেরিয়ে। সবার লক্ষ্য একটাই, বইয়ের জগতে নিজেকে নতুন করে খুঁজে নেওয়া। তাঁদের মধ্যে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে প্রতিযোগীদের মুখে কখনো ছিল চিন্তার ভাঁজ, কখনো উত্তর মিলে যাওয়ার হাসি। প্রতিযোগিতা শেষে সেরা শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ‘বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড’।
তবে এ আয়োজন কেবল একদিনের প্রতিযোগিতায় শেষ হয়নি। কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় একটি বা দুটি করে বই। এই বই তাঁদের সঙ্গে ঘরে ফিরবে, পাতায় পাতায় জমবে নতুন ভাবনা। দুই মাসের মধ্যে বই পড়ে গ্রন্থ সমালোচনাসহ তা ফেরত দিতে হবে। সেই সমালোচনায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের জন্য অপেক্ষা করছে পুরস্কার।

আয়োজকেরা বলছেন, আগামী প্রজন্মের মেধা ও মননশীলতার বিকাশই এ কর্মসূচির মূল সুর। শিক্ষার্থীদের মনে বই পড়ার আগ্রহ জাগানো, ডিভাইস আসক্তির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইতিবাচক ব্যবহারে তাঁদের উদ্বুদ্ধ করাও এর লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লেখক ও ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি এবং প্রথম আলোর উপদেষ্টা মুনির হাসান।
রোবোটিক্সের ব্যবহার ও বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে তিনি ও প্রথম আলোর টিমের সদস্যরা বিভিন্ন সেশন পরিচালনা করেন। প্রযুক্তি আর বইয়ের মেলবন্ধনের সেই আলোচনায় শিক্ষার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান এবং বিশিষ্ট লেখক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার।

উপজেলা প্রশাসন জানায়, শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং কর্মসূচির বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। আয়োজকদের বিশ্বাস, আজ যে বইয়ের পাতায় শিক্ষার্থীরা চোখ রেখেছেন, কাল সেই পাতাই হয়ে উঠবে তাঁদের আলোকিত পথচলার সঙ্গী।