গাজীপুর কণ্ঠ ডেস্ক
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার কথা বলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থেকে সারা দেশে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২০ নভেম্বর) থেকে দেশের সব জেলায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েনের কথা বলা হয়েছে।
টাইমস অফ বাংলাদেশের খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, ১৬ নভেম্বর মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার উপসচিব কে এম ইয়াসির আরাফাতের স্বাক্ষরে ‘জরুরি ও গোপনীয়’ একটি প্রতিবেদন পাঠানো হয়। এতে পুলিশের মহাপরিদর্শক, বিজিবি, কোস্ট গার্ড ও বিশেষ শাখার প্রধানকে নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
গোয়েন্দা তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এবং দিল্লির একটি অনুষ্ঠানে বলেছেন, ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মন্ত্রণালয়ের আশঙ্কা, তিনি ফিরতে পারুন বা না পারুন, এই ঘোষণার জেরে ডিসেম্বরে বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ও সহিংসতা হতে পারে। কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও সংগঠিত হওয়ার চেষ্টার আশঙ্কা করা হয়েছে।
খবর অনুযায়ী, প্রতিবেদনে অন্যান্য বিষয়ের মধ্যে এসব বলা হয়েছে: প্রতিটি জেলা ও মেট্রোপলিটন এলাকায় আলাদা নিরাপত্তা পরিকল্পনা করা এবং ঝুঁকিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নজরদারি রাখা; আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেসব সক্রিয় কর্মীর বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা আছে, তাদের বিরুদ্ধে আগেভাগে আইনি ব্যবস্থা নেওয়া; নভেম্বর থেকে দলটির অঙ্গসংগঠন এবং সমর্থক প্রতিষ্ঠান বা এনজিওর সন্দেহজনক কোনো অনুষ্ঠানকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনা করা, আর এসব কর্মসূচির অংশগ্রহণকারী ও প্রতিষ্ঠানের কর্মীদের পরিচয় যাচাই করা; মিরপুর, পল্লবী, কোনাবাড়ী, কালিয়াকৈর, কাশিমপুর, ভোগড়া বাইপাস, আশুলিয়া ও সাভারে শ্রমিক অসন্তোষ ঠেকাতে শিল্প পুলিশ ও থানা পুলিশের সমন্বিত কাজ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৎপরতা ঠেকাতে কড়া নজরদারি।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা টাইমস অফ বাংলাদেশকে বলেছেন, নাশকতার যেকোনো চেষ্টা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে এবং কেউ তা করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে।
প্রতিবেদনে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জুলাই অভ্যুত্থানের পক্ষের দল ও জোটগুলোর মধ্যে ঐক্য জোরদার করতে আবার গোলটেবিল বৈঠক ডাকার সুপারিশও রয়েছে।