রয়টার্স
শ্রমিক বিক্ষোভের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় বাংলাদেশের কারখানা থেকে অন্তত ২৫ কোটি ডলারের পোশাকের অর্ডার অন্য দেশে চলে গেছে। এর বেশির ভাগই গেছে ভারতে। বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো এই অর্ডার সরিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে তিনজন কারখানা মালিকের বরাত দিয়ে বলা হয়েছে, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওর মতো ব্র্যান্ড এসব অর্ডার সরিয়েছে। এতে বাংলাদেশে মাসিক অর্ডারের প্রায় এক-দশমাংশ হাতছাড়া হয়েছে। ক্রেতাদের সঙ্গে সম্পর্ক নষ্টের আশঙ্কায় ওই মালিকেরা নাম প্রকাশ করতে চাননি।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, বিক্ষোভের কারণে এ পর্যন্ত ৪০ কোটি ডলারেরও বেশি উৎপাদন-ক্ষতি হয়েছে। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে। কারখানা খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও এর ওপর নির্ভরশীল।
ঢাকার আশপাশের কারখানাগুলোর ২০ থেকে ২৫ কর্মদিবস নষ্ট হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। পণ্য পাঠানোর সময়সীমা ধরে রাখতে কিছু কারখানা ওভারটাইম এবং ব্যয়বহুল বিমানপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।
গত বুধবার সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। গত চার দশকে এটিই সর্বনিম্ন বৃদ্ধি। শ্রমিকেরা মজুরি দ্বিগুণেরও বেশি করার দাবি জানিয়েছিলেন। ফলে সিদ্ধান্তের পর পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষ হয়েছে।
শ্রম মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার বৃদ্ধিটিকে “সন্তোষজনক” বলে বর্ণনা করেছেন। তিনি আশা করছেন, শনিবার থেকে সবাই কাজে ফিরবেন। শ্রমিক সংগঠনগুলো অবশ্য বলছে, বৈশ্বিক মানদণ্ডে এ মজুরি এখনও কম।
অন্যদিকে শিল্প নেতাদের মতে, এতে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের সুবিধা আরও কমবে।
বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরীর ভাষ্য, ক্রেতারা এখন দামের চেয়ে সময়মতো সরবরাহকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাঁর হিসাবে, ভারত প্রায় এক সপ্তাহ আগে পণ্য পৌঁছে দিতে পারে, আর ভিয়েতনাম ও কম্বোডিয়া সময় কমাতে পারে ১৫ দিন পর্যন্ত। প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে সাধারণত ৬০ থেকে ৯০ দিনে উৎপাদন ও সরবরাহ শেষ হয়, বাংলাদেশে লাগে প্রায় ১২০ দিন।
এর সঙ্গে আছে জ্বালানি সংকট, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে আরও জটিল হয়েছে। কিছু কারখানা বাধ্য হয়ে ব্যয়বহুল বিকল্প বিদ্যুৎ ব্যবহার করছে।
ইউরোপের ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহকারী আলপস অ্যাপারেলস গ্রুপের এমডি খান মনিরুল আলম রয়টার্সকে বলেছেন, ১ নভেম্বরের পর বেশির ভাগ ক্রেতা নতুন অর্ডার দেওয়াই বন্ধ রেখেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ক্রেতারা জানিয়েছেন, অর্ডার সরানো, পেছানো বা বাতিল হয়েছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ব্র্যান্ডগুলোর নাম বলেননি। তবে তাঁর মতে, সাময়িকভাবে কিছু অর্ডার সরে গেলে ক্রেতাদের ধরে রাখা ও ক্ষতি সীমিত রাখা সহজ হয়।
কারখানা মালিকদের বড় আশঙ্কা, এখন যা সাময়িক মনে হচ্ছে, তা স্থায়ী হয়ে যেতে পারে। মহিউদ্দিন চৌধুরী বলেন, “ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প আছে।” তাঁর সতর্কবার্তা, অস্থিরতা চলতে থাকলে তারা অপেক্ষা করবে না।
রয়টার্সের এই খবরের পর ভারতের কয়েকটি টেক্সটাইল কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। গোকালদাস এক্সপোর্টসের শেয়ার একসময় ১১ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। ট্রাইডেন্টের বেড়েছে প্রায় ৫ শতাংশ। এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারও বেড়েছে প্রায় ২ শতাংশ করে।
জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স মন্তব্য করতে রাজি হয়নি। এইচঅ্যান্ডএম, এম অ্যান্ড এস ও সেলিও রয়টার্সের অনুরোধের জবাব দেয়নি।
রয়টার্স আরও জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে ঢাকায় সম্ভাব্য ফেরা নিয়ে রাজনৈতিক উত্তেজনাও পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে।