মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের হানা

সংবেদনশীল সামরিক তথ্য ঝুঁকিতে, ব্যাহত হয়েছে কার্যক্রম; তদন্তে সাইবার কমান্ড

মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের হানা

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ক্লাউড ওয়ানে হ্যাকাররা অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এতে সামরিক অভিযান, কর্মী ও সরবরাহসংক্রান্ত বিপুল সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়তে পারে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক মাস বা তার কিছু আগে ব্যবস্থাটি হালনাগাদের কাজ চলার সময় এই অনুপ্রবেশ ধরা পড়ে। এর পর থেকে পুরো প্ল্যাটফর্মজুড়ে কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের পূর্ণ পরিধি কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

রয়টার্সকে দেওয়া বিবৃতিতে বিমানবাহিনী বলেছে, তারা নির্দিষ্ট নেটওয়ার্ক ও ব্যবস্থার নিরাপত্তা অবস্থা, দুর্বলতা বা কার্যকর অবস্থা নিয়ে মন্তব্য করে না। বিবৃতিতে আরও বলা হয়, বিমানবাহিনীর তথ্য, ব্যবস্থা ও অভিযানিক সক্ষমতা রক্ষায় তারা নিরন্তর সতর্ক পদক্ষেপ নিয়ে থাকে।

২০১৭ সালে শুরু হওয়া ক্লাউড ওয়ান বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি চাহিদা মেটানোর একক কেন্দ্র হিসেবে পরিকল্পিত। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এই চার প্রতিষ্ঠানের সম্পদ একত্র করে এটি চলে। কর্মীদের তথ্য, বেতন, সরবরাহ ও রক্ষণাবেক্ষণসহ অসংখ্য অ্যাপ্লিকেশন এর ওপর নির্ভরশীল।

এর মধ্যে রয়েছে উত্তর আমেরিকাজুড়ে আকাশ প্রতিরক্ষার রাডারসহ নানা উৎসের তথ্য সমন্বয়কারী ‘ক্লাউড-বেজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’। আছে বিশ্বজুড়ে বিমানবাহিনীর দুই শতাধিক ঘাঁটিতে বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখা ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’।

২০২৫ সাল পর্যন্ত প্রধান ঠিকাদার ছিল এসএআইসি; এরপর দায়িত্ব নেয় লেইডোস। এসএআইসি মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি, আর লেইডোস প্রশ্ন বিমানবাহিনীর কাছে পাঠিয়ে দিয়েছে।

দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ক্লাউড ওয়ান মার্কিন সামরিক বাহিনীর অন্যতম বৃহৎ ক্লাউড প্ল্যাটফর্ম। একটি সূত্রের ভাষ্য, “এখানে অনুপ্রবেশ বড় ব্যাপার।”

দুটি সূত্র এবং চতুর্থ একজন ব্যক্তি জানান, ক্লাউড ওয়ানে পিছনের দপ্তরের (ব্যাক-অফিস) অ্যাপ্লিকেশন স্থানান্তরের কাজ থামিয়ে দেওয়া হয়েছে। এটি সামরিক বাহিনীর দীর্ঘদিনের অগ্রাধিকার ছিল।

প্ল্যাটফর্মে চালু অ্যাপ্লিকেশনের হালনাগাদও আটকে দেওয়া হয়েছে। ফলে প্রযুক্তি খাতজুড়ে নতুন একগুচ্ছ গুরুতর সফটওয়্যার দুর্বলতার খবর প্রকাশের সময়েই বিমানবাহিনীর কর্মীরা সংশোধনী প্রয়োগ করতে পারছেন না। পঞ্চম একটি সূত্র জানায়, কিছু ব্যবহারকারীর প্রশাসনিক অধিকার প্রত্যাহার করা হয়েছে।

একটি সূত্র বলেছে, হ্যাকাররা একটি সফটওয়্যার দুর্বলতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ স্তরে (কন্ট্রোল প্লেন) পৌঁছেছে। ওই ব্যক্তি নিয়ন্ত্রণ স্তরকে ‘ইউনিভার্সাল রিমোটের’ সঙ্গে তুলনা করেন। তাত্ত্বিকভাবে এর মাধ্যমে সামরিক বিমানের কার্যক্ষমতার অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল দেখা সম্ভব। তবে এ ক্ষেত্রে হ্যাকাররা তা করেছে কি না, স্পষ্ট নয়। রয়টার্স দুর্বলতাটি শনাক্ত করতে পারেনি।

পাঁচটি সূত্রের সবাই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।

ক্ষয়ক্ষতি যাচাইয়ে তদন্তকারীরা যুক্তরাষ্ট্রের সামরিক সাইবার বাহিনী সাইবার কমান্ডকে ডেকেছেন বলে একটি সূত্র জানিয়েছে। সাইবার কমান্ড মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই এই খবর এল। রয়টার্স বলছে, ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের জন্য এটি বিশেষ গুরুতর সমস্যা, কারণ এআই মডেল বিশাল পরিসরে দ্রুত দুর্বলতা খুঁজে বের করতে পারে।

যুক্তরাষ্ট্র সরকার ইতিমধ্যে অন্তত আরও ছয়টি সাইবার ঘটনার ধাক্কা সামলাচ্ছে। এর মধ্যে আছে এফবিআইয়ের দুটি ঘটনা, পেন্টাগনের তথ্যে আগের একটি হ্যাকিং, স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি অনুপ্রবেশ এবং ট্রেজারি বিভাগে হ্যাকিং।

ক্লাউড ওয়ান দীর্ঘদিন ধরেই হ্যাকারদের লক্ষ্যবস্তু। ২০২৩ সালে ফেডস্কুপে প্রকাশিত এক মতামতে প্ল্যাটফর্মটির নেতৃত্ব অনুপ্রবেশের “বিস্ময়কর” সংখ্যক চেষ্টা ঠেকিয়ে “শতভাগ সাফল্যের” দাবি করেছিলেন। তাঁরা লিখেছিলেন, “নিরাপত্তার ক্ষেত্রে ভুলের কোনো সুযোগ নেই।”