গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সবচেয়ে কাঙ্ক্ষিত বাসভবনগুলোর বয়স এখন শত বছরেরও বেশি। কড়া নিরাপত্তায় ঘেরা এসব বাড়ির প্রবেশপথে রয়েছে কঠোর নিয়ন্ত্রণ; এমনকি কাঁটাতারের বেড়া দিয়ে এগুলোকে রাজধানীর মূল শহর থেকেও আলাদা করে রাখা হয়েছে।
একসময় কেবল জেনারেল ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকার জন্য তৈরি হয়েছিল বাড়িগুলো। তবে এখন সেখানে বাস করছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। তাদের ভাষ্য, পুরো শহরের মধ্যে এই জায়গাটিতেই তারা সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন।
বর্তমানে ট্রাম্প প্রশাসনের প্রায় অর্ধডজন শীর্ষ কর্মকর্তা ওয়াশিংটনের সামরিক আবাসিক এলাকায় বাস করছেন। আগের প্রেসিডেন্টদের আমলে কোনও বেসামরিক শীর্ষ কর্মকর্তার সেখানে থাকার নজির ছিল হাতেগোনা; সে হিসেবে এই সংখ্যা রীতিমতো নজিরবিহীন।
তবে দেশে রাজনৈতিক সহিংসতা বেড়ে যাওয়া এবং বিদেশি শত্রুদের নতুন হুমকির মুখে বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে রিপাবলিকান বা ডেমোক্র্যাট—যারাই ক্ষমতায় আসুক না কেন, শীর্ষ নেতাদের সুরক্ষিত সামরিক এলাকায় বাসের এই প্রবণতা চলতে থাকতে পারে।
উল্লেখ্য, চলতি মাসেই মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে ইরান।
ইরানের এই হুমকি এবং নিরাপত্তা নিয়ে আশঙ্কার ফলে যুক্তরাষ্ট্রে সাধারণ নাগরিকদের মাঝেই বেসামরিক রাজনৈতিক নেতাদের বাস করার যে গণতান্ত্রিক ঐতিহ্য ছিল, তা হারিয়ে যাচ্ছে।
ওয়াশিংটনে রাজনৈতিক ও প্রশাসনিক ছাপ রাখতে ট্রাম্প একের পর এক পদক্ষেপ নিচ্ছেন—নিরাপত্তাহীনতার অজুহাতে ন্যাশনাল গার্ড মোতায়েন থেকে শুরু করে হোয়াইট হাউজে নতুন বলরুম নির্মাণ ও পাবলিক গলফ কোর্সের সংস্কার সবই করছেন।
অথচ পরিহাসের বিষয় হল, আগের যে কোনও মার্কিন প্রশাসনের চেয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাই এখন শহরটি থেকে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন হয়ে বাস করছেন।
আমেরিকান ইউনিভার্সিটির ‘সেন্টার ফর কংগ্রেসনাল অ্যান্ড প্রেসিডেন্সিয়াল স্টাডিজ’-এর পরিচালক টমাস কানের মতে, উচ্চপদস্থ কর্মকরর্তারা নিপত্তারক্ষীদের কড়া বেষ্টনীতে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে ছুটতে এমনিতেই সাধারণ জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কিন্তু এখন বিষয়টি আরও প্রকট। সাধারণ মানুষ যে ধরনের পরিবেশে থাকে, তারা এখন আর তেমন কোনও আবাসিক এলাকায়ও থাকছেন না।
কান আরও বলেন, “এর ফলে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব ও বিচ্ছিন্নতা আরও প্রকট হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”
ওয়াশিংটনে অপরাধ প্রবণতা কমে আসার কথা উল্লেখ করে হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, “নিরাপত্তার সুনির্দিষ্ট ঝুঁকির কারণে মন্ত্রিসভার এসব সদস্যর অনেকেই শহরের ভেতরে বাস করতে পারছেন না। তবে রাজধানীকে ‘নিরাপদ ও সুন্দর’ করার প্রশাসনিক চেষ্টায় তারা ব্যক্তিগতভাবে ভূমিকা রাখছেন।
তারপরও বসবাসের এই ব্যবস্থা নিয়ে বেশ কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা প্রশ্ন তুলেছেন। সামরিক আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের বাসের বিষয়ে আগামী বসন্তের মধ্যে ‘হাউস আর্মড সার্ভিসেস কমিটি’র কাছে পেন্টাগনকে একটি প্রতিবেদন জমা দিতে হবে। সেখানে তাদের এই স্থানান্তরের যৌক্তিকতা বা হুমকির ধরন, এর আইনি বৈধতা এবং বাড়িভাড়ার খরচের বিস্তারিত তথ্য তুলে ধরতে হবে।
‘হাউস আর্মড সার্ভিসেস কমিটি’ থেকে এই প্রতিবেদন চাওয়ার অনুমোদন আদায়কারী ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য জর্জ হোয়াইটসাইডস বলেন, “সামরিক সদস্যদের জন্য বরাদ্দ করা আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা বাজারদর অনুযায়ী ন্যায্য ভাড়া দিচ্ছেন কি না, তা খতিয়ে দেখা জরুরি।”
ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সর্বশেষ সামরিক আবাসনে আশ্রয় নিয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট; সম্প্রতি তিনি জর্জটাউনের বিশাল বাড়ি ছেড়ে ওয়াশিংটনের একটি কড়া নিরাপত্তাবেষ্টিত সামরিক ঘাঁটিতে উঠেছেন ইরানের হুমকির মুখে।
চলতি মাসের শুরুতে সিএনবিসির ‘স্কোয়াকবক্স’ অনুষ্ঠানে বেসেন্ট জানান, ইরানের প্রাণনাশের হুমকির মুখে তিনি ঠিকানা বদলাতে বাধ্য হয়েছেন। ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে অর্থনৈতিক চাপ প্রয়োগের পদক্ষেপে তিনিই মূল নেতৃত্ব দিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, নিরাপত্তার স্বার্থে অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চকেও সম্প্রতি একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। গত বছর তার পূর্বসূরি পাম বন্ডিও একইভাবে সামরিক ঘাঁটিতে বাস করেছিলেন।
বিদেশি হুমকির মুখে কেউ কেউ সুরক্ষিত এই আবাসনে উঠলেও, অন্যরা মূলত অভ্যন্তরীন রাজনৈতিক সহিংসতার ভয়ে শঙ্কিত ছিলেন—বিশেষ করে রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড এবং তাদের ওপর আসা অন্যান্য হুমকির পর এই উদ্বেগ আরও বাড়ে।
চার সন্তান নিয়ে ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে গত বছর সামরিক আবাসনে পাড়ি জমিয়েছেন হোয়াইট হাউজের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তার স্ত্রী কেটি। এক নারী তাদের বাড়ির সামনে বিক্ষোভ করার পাশাপাশি বাড়ির ঠিকানা লেখা প্রচারপত্র বিলি করার পরই তারা ঠিকানা বদলান।
হোয়াইট হাউজের ওই কর্মকর্তার ভাষ্য, “মিলার দম্পতির বাড়ি নিশানা করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নজরদারি করা, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং হুমকি দেওয়া হচ্ছিল—যার সুনির্দিষ্ট প্রমাণও রয়েছে। মূলত এ কারণেই তারা বাসা সরিয়ে নিয়েছেন।
সামরিক আবাসনের খরচ:
গত বছর ফোর্ট ম্যাকনেয়ারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বাসভবন সংস্কার ও মানোন্নয়নে সেনাবাহিনীর ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের পরিকল্পনার বিষয়টি আইনপ্রণেতাদের নজরে এলে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।
অবশ্য বিনা পয়সায় নয়, সামরিক আবাসনের জন্য কর্মকর্তাদের ভাড়া গুনতে হয়। বাসার মানভেদে ভাড়া সাধারণত মাসে সাড়ে চার হাজার ডলারের বেশি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের একটি নিয়মের সূত্র ধরেই আংশিকভাবে এই ভাড়ার হার ঠিক করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাশেই নেভি হিলে উনিশ শতকের ঐতিহাসিক ও বিশাল এক বাড়িতে থাকতেন গেটস। তিনিই ছিলেন সামরিক আবাসনে বাস করা প্রথম প্রতিরক্ষামন্ত্রী।
তৎকালীন ফেডারেল আইনে বলা ছিল, সামরিক ঘাঁটির ভেতরে কোনও বেসামরিক নাগরিক বাসা নিলে তাকে স্থানীয় বাজারদর অনুযায়ী সমমানের বাড়ির সমান ভাড়া দিতে হবে। এই নিয়মের কারণে গেটসের মাসিক ভাড়া দাঁড়িয়েছিল সাড়ে ছয় হাজার ডলারেরও বেশি।
২০০৮ সালে ভাড়া কমাতে আইন সংশোধনের দাবি তোলে প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন। তাদের যুক্তি ছিল, সাধারণ এলাকার কোনো ব্যক্তিগত বাড়িতে নতুন করে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা ও সার্বক্ষণিক প্রহরী রাখার চেয়ে সামরিক ঘাঁটির বিদ্যমান নিরাপত্তাকে কাজে লাগানোর ফলে করদাতাদের বিপুল অর্থ সাশ্রয় হচ্ছে।
কংগ্রেসও এতে সায় দেয়। ফলে তখন থেকেই গেটস ও পরবর্তী সব প্রতিরক্ষামন্ত্রী একজন ফোর-স্টার জেনারেল বা অ্যাডমিরাল যে ভাড়া দেন, তার চেয়ে মাত্র ৫ শতাংশ বেশি ভাড়া দিয়ে সামরিক আবাসনে থাকার সুযোগ পান।
গেটসের ইচ্ছা ছিল তার উত্তরসূরিরাও যেন একই সুবিধা নিতে পারেন। কিন্তু ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস নৌবাহিনীর ওই বাসভবনে ওঠার আগ পর্যন্ত মন্ত্রিসভার আর কেউ সেখানে পা রাখেননি।
সিএনএনের হাতে আসা নৌবাহিনীর এক অভ্যন্তরীন নথি থেকে জানা যায়, ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নৌবাহিনীর ওই আবাসনে থাকার আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু ‘তথ্যগত, আইনি, আর্থিক ও নৈতিক জটিলতা’ থাকায় নৌবাহিনী সেটিকে ‘সমস্যাজনক’ বলে নাকচ করে দেয়।
আট বছর আগে যা ছিল ‘সমস্যাজনক’, এখন সেটিই হয়ে উঠেছে বসবাসের জন্য পছন্দনীয়। হোয়াইট হাউজের এবারের মেয়াদে ট্রাম্প প্রশাসনের আরও অনেক শীর্ষ কর্মকর্তা এই সুরক্ষিত আবাসনগুলোতেই বাস করার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র: সিএনএন