উত্ত্যক্ত করার অভিযোগে জেন্টস্ পার্লারের কর্মচারীকে পিটিয়ে হত্যা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জেলা শহরের জয়দেবপুরে সহকর্মীর ননদকে উত্ত্যক্ত করার অভিযোগে অ্যাডাম জেন্টস্ পার্লারের কর্মচারী আসেদুল রনি কে (৩৫) পিটিয়ে হত্যার পর মধ্যরাতে হাসপাতালে লাশ ফেলে পালানোর চেষ্টাকালে ৫ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লাশ ফেলে পালানোর চেষ্টা করে আটকরা।

আটকরা হলো- ওই জেন্টস্ পার্লারের কর্মচারী আল-আমিন (১৯), রিমন (২০), লাইজু (২৫), রিমন (১৮) এবং আজিজুর (২৫)।

জানা গেছে আসেদুল রনি নওগাঁ সদরের জয়নুদ্দীনের ছেলে। সে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ বরুদা এলাকায় ভাড়া থেকে জোড়পুকুরপাড় এলাকার ওই পার্লারে কাজ করতেন।

জিএমপি’র সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর জানান, রাত সাড়ে ১২ টার দিকে রনিকে নিয়ে কয়েকজন শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যায়। রনি মারা গেছে শুনে লাশ ফেলে সঙ্গে আসা লোকজন গা ঢাকা দিতে শুরু করে। এসময় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে আরো তিনজনকে আটক করে।

তিনি আরো বলেন, ‘নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত রনি এবং আটকরা একই জেন্টস পার্লারে কাজে করে। প্রাথমিকভাবে জানা গেছে সহকর্মীর ননদকে রনি উত্ত্যক্ত করার অভিযাগে মারধর করা হয়েছে। তবে তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন,‘মৃত অবস্থায় রনিকে হাসপাতালে আনা হয়েছিল।’