কালিয়াকৈর থেকে জালনোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জাল টাকা বাজারজাতকারী চক্রের তিন সদস্যকে জালনোটসহ কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় তাদের থেকে এক হাজার টাকা মূল্যমানের ৮২টি জালনোট উদ্ধার করা হয়। বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর ডিবি পুলিশ এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁওয়ের সদরের রায়পুরা সরকারপাড়া এলাকার আকবর ওরফে রুবেল ওরফে শাহজাহান আলী (৩০), ঢাকার আশুলিয়ার বাধাইল এলাকার জাকির হোসেন (২৬) এবং ঝালকাঠির সদরের তারপাশা এলাকার রুহুল আমিন (৪২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম) এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমীনুল ইসলামের নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইনের তত্বাবধানে পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান খান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার চন্দ্রা ত্রি-মোড় এলাকার অভিযান চালিয়ে তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার আকবর ওরফে রুবেল ওরফে শাহজাহান আলীর কাছ থেকে বাংলাদেশি এক হাজার টাকা মূল্যমানের ২৯টি জালনোট, জাকির হোসেনের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ১৭টি জালনোট এবং রুহুল আমিনের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৩৬টি জালনোট উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার মামলা হয়েছে।