জয়দেবপুর রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে নিহত এক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জয়দেবপুর রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে যোগেন্দ্র চন্দ্র রায় (৭২) নামে অবসরপ্রাপ্ত এক হেলথ ইন্সপেক্টর নিহত হয়েছে।

শনিবার বিকেলে রেলওয়ে জংশনের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

নিহত যোগেন্দ্র চন্দ্র নীলফামারীর সদর থানার থানাপাড়া এলাকার মৃত বেলসা রায়ের ছেলে। তিনি মধ্যছায়াবিথী এলাকায় সপরিবারে বসবাস করতেন এবং একটি মাল্টি পারপাস কো-অপারেটিভ প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি নীলফামারী জেলার স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত হেলথ ইন্সপেক্টর।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই সানু মং মার্মা ও নিহতের ছেলে গাজীপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক তমাল রায় জানান, শনিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে জংশন ষ্টেশনে রেল লাইন পার হওয়ার সময় যোগেন্দ্র চন্দ্র রায়ের একটি পা রেললাইনে আটকে যায়। এসময় জয়দেবপুর ষ্টেশন থেকে ছেড়ে যাওয়া চাঁপাই নবাবগঞ্জ গামী আন্তঃনগর চাঁপাই এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়েন তিনি।

এতে তার কোমর থেকে ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যোগেন্দ্র চন্দ্র রায়কে মৃত ঘোষণা করেন।