কালীগঞ্জে ফুড ক্লাব রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান: ২০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে ফুড ক্লাব রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান: ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : হীন উদ্দেশ্যে ব্যবসা পরিচালনার দায়ে কালীগঞ্জের ‘ফুড ক্লাব রেস্টুরেন্টে’ মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে কালীগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন ডিকে প্লাজার দ্বিতীয় অবস্থিত এ রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা ও রেস্টুরেন্টটির যে অংশে হীন উদ্দেশ্যে ছোট ছোট খোপ নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলো তা বন্ধ করে দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা পরিচালনায় সহযোগিতা করেন কালীগঞ্জ থানা পুলিশ।

জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য : ২০১৯ সালের ০৫ ফেব্রুয়ারি স্কুল-কলেজের ড্রেস পরে ক্লাস ফাঁকি দিয়ে ফুড ক্লাব রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছিল তরুণ-তরুণীরা ওই সময় কালীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে আটক করেছিল উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ২০ তরুণ-তরুণীকে। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে আটক তরুণ-তরুণীদের সেই সময় ছেড়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি ওই রেস্টুরেন্টটি বন্ধ করে দেয়া হয়েছিল।

স্থানীয়রা জানায়, এর আগে একাধিকবার ফুড ক্লাব রেস্টুরেন্ট মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করলেও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এ ধরনের ব্যবসা ছাড়েনি।