গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যাক্তি নিহত এবং একজন আহত হয়েছে।

সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় এবং দুপুরে ঢাকা বাইপাস সড়কের ভোগড়া এলাকায় ওই দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদরের মাইশাকান্দি এলাকার আব্দুল মজিদের ছেলে রিকশাচালক সুজন (২৮) এবং লালমনিরহাটের হাতিবান্ধা থানার ঠেঙ্গাঝাড়া এলাকার জয়নাল ভূইয়ার ছেলে কাভার্ডভ্যানের হেলপার সোহেল মিয়া (২৫)। আহত হয়েছেন কাভার্ডভ্যানের চালক সাদ্দাম। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

জিএমপি’র বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, সোমবার দুপুর পৌণে দুইটার দিকে ঢাকাগামী একটি ট্রাক ভোগড়া এলাকায় বাইপাস সড়কে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিকশাচালক সুজন নিহত হয়। ট্রাকটি জব্দ এবং এর চালক ইসমাইলকে (২৯) আটক করা হয়েছে।

অপরদিকে জিএমপি’র সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জহিদ বলেন, সোমবার সকাল ৬টার দিকে ন্যাশনাল পার্কের ৪নং গেট এলাকায় ঢাকাগামী একটি কার্ভাডভ্যানকে পেছন থেকে বেশি গতির একটি লরি ধাকা দেয়। এসময় কাভার্ডভ্যানটি সামনে থাকা অপর গাড়ির সঙ্গে ধাক্কা ও চাপা লাগে। এতে কার্ভাডভ্যানের হেলপার সোহেল মিয়া ঘটনাস্থলেই নিহত এবং সাদ্দাম গুরুতর আহত হয়।