গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে এস এম শফিউল্লাহকে (বিপিএম) পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (০৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বর্তমানে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহর নিজ জেলা গোপালগঞ্জ। তিনি ২০০৫ সালে ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। এরপর এএসপি হিসেবে ১ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মহালছড়ি, খাগড়াছড়ি, ডিএমপি, ঢাকা, সিআইডি, ঢাকা জেলার ক-সার্কেল, নারায়নগঞ্জ জেলার বি-সার্কেলে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে খুলনা রেঞ্জে প্রায় ৬ বছর দায়িত্ব পালন করেন তিনি।
এস.এম. শফিউল্লাহ্ দেশ-বিদেশে অনেক গুরুত্বপূর্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। তিসি ইতিপূর্বে অনন্য সাধারন কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ “আইজিপি গুড সার্ভিস ব্যাজ” এবং ২০১৮ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা বিপিএম পদকে ভূষিত করেন।
এস.এম. শফিউল্লাহ্ পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ২০১৮ সালের ১০ জুন খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
এর আগে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ২০ তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে ২০০১ সালে নিয়োগপ্রাপ্ত হয়ে খুলনা বিএল কলেজে প্রভাষক (অর্থনীতি) হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে এস.এম.শফিউল্লাহ্ দুই সন্তানের জনক।
আরো জানতে……
গাজীপুরের বদলে এসপি কাজী আশরাফুল আজীমকে নরসিংদীতে পদায়ন